www.sadhansarker.com

জীবনী

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল, পাকে পাকে তড়পায় সমকাল… – স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানটির জ্বালাময়ী সুরের আবেদন সেই সময় এদেশের প্রতিটি মু্ক্তিকামী বাঙালীর মনে আগুন ঝরাতো। এই আগুন ঝরা গানের সংগ্রামী সুরকারই সঙ্গীতাচার্য সাধন সরকার। একই সঙ্গে অসামান্য সঙ্গীত শিল্পী ও সফল সুরকার খুব বেশী দেখা যায় না। বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে তাঁর দক্ষতা, রবীন্দ্র-নজরুল সব গানেই দ্বিধাহীন পারঙ্গমতা। পাশাপাশি গণসঙ্গীত, দেশের গান, একুশের গান, আধুনিক গান, ভক্তিগীতি, ছড়া গান প্রভৃতিতে আবেদনময় অসাধারণ সুর সৃষ্টি। মূলতঃ গুনী সঙ্গীত শিল্পী ও অনন্য সুরকার এ দু’য়ের সমন্বয় ঘটেছিল ব্যক্তি সাধন সরকারের মধ্যে।

বহুমুখী প্রতিভাধর সঙ্গীতাচার্য সাধন সরকার জন্ম গ্রহণ করেন খুলনা শহরে, ১৯২৮ খ্রিস্টাব্দে; বাংলায় ১৩৩৫ বঙ্গাব্দের পৌষ মাসে। পিতা কেশব চন্দ্র দে, মাতা সুখদা সুন্দরী দেবী। আদি নিবাস বৃহত্তর ঢাকার মানিকগঞ্জ জেলার দাসোরা গ্রামে। শৈশবেই তাঁর অকাল পিতৃবিয়োগ ঘটে। বিধবা মাতার স্নেহে ও তত্ত্বাবধানে কিশোর সাধন সরকারের লেখাপড়া চলতে থাকে। ১৯৪৬ খ্রিস্টাব্দে খুলনা শহরের বি কে ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অস্বচ্ছলতা এ দু’টি কারনে মূলতঃ তাঁর লেখাপড়া আর এগোয়নি। তবে তিনি ছিলেন স্বশিক্ষিত, যার প্রমাণ তাঁর লেখা গল্প, নাটক, কবিতা পড়লেই বোঝা যায়। পড়াশুনা না থাকলে এ বিষয়গুলো কলমের মাধ্যমে বেরিয়ে আসতো না। লেখালেখির অভ্যাসটি তাঁর একটি গুণ বা বৈশিষ্ট্য।